বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায়
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরে যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নির্বিঘ্নে পথচারীদের চলাচল নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ শনিবার (১০ অক্টোবর) মহানগরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনের সড়কে, শাহ ফতেহ আলী বাজারের সামনের সড়কে এবং শাহ ফতেহ আলী ব্রীজের পশ্চিম প্রান্তের প্রবেশ মুখে অভিযান পরিচালিত হয়।
আদালত শাহ ফতেহ আলী ব্রীজের সামনের সড়কে একই অপরাধ পুণরায় করায় ৩টি পৃথক মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়াও সকালে মোহাম্মদ আলী হাসপাতালের সামনের সড়কের উপর পথ আটকে রেখে যানচলাচলের বাধাসৃষ্টি করায় এবং রাতে শাহ ফতেহ আলী বাজার ও ব্রীজ এলাকায় পৃথক ৫টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা: জাহাঙ্গীর আলম জানান, বগুড়া সিটি কর্পোরেশনের সড়কগুলোকে যানজট মুক্ত রেখে পথচারীদের চলাচলের জন্য বাধা দূর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ও রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৮ মামলায় ১লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে শনিবার পরিচ্ছন্নতা দিবসও উদযাপিত হচ্ছে সড়ক পরিষ্কার রাখার মাধ্যমে।
অভিযানকালীন কয়েকটি অটোরিকশা, ইজিবাইক নির্ধারিত লেন ত্যাগ করে সড়কের মাঝে যাত্রী ওঠানামা করানো এবং প্রান্ত বদল করায় ভৎর্সনা করা হয়। গণমাধ্যম সংশ্লিষ্টতা ব্যতীত বিনা অনুমতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার ভিডিও ধারণ করে সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে বগুড়া সদর এলাকার সাবগ্রাম এলাকার ঢাকান্তা গ্রামের আইয়ুব আলী নামের একজন পথচারীর মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে, নিজের অপরাধ স্বীকার ও সচেতন হওয়ার অঙ্গীকার করায় তার জব্দকৃত মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। অভিযান পরিচালনার মাঝে পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে হ্যান্ড মাইকে পথচারী, যানবাহনের চালক ও মহানগরের বাসিন্দাদের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি, যানবাহনে বসে কেনাকাটার অভ্যাস পরিত্যাগ করা, সড়কের উপর বসা দোকানপাট থেকে না কেনা এবং নিজের বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখতেও আহবান জানান তিনি।
অভিযানে বগুড়া সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই, বগুড়া সদর থানার উপ পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186905