বগুড়ার সোনাতলায় আমন ধান কাটা-মাড়াই শুরু

বগুড়ার সোনাতলায় আমন ধান কাটা-মাড়াই শুরু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আগাম আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। মাঠে মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। কোথাও চলছে ধান কাটা, কোথাও আবার চলছে মাড়াই ও নতুন ধান ঘরে তোলার প্রস্তুতি। আগাম ধান বিক্রি করে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলায় চলতি বছর ১০ হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। যা গত বছর ছিল ৮ হাজার ১শ’ ২০ হেক্টর। গত বছরের তুলনায় এবার ২ হাজার ৫শ’ হেক্টর জমিতে বেশি আমন ধান রোপন করা হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) সরেজমিনে উপজেলার ঠাকুরপাড়া, গোসাইবাড়ী, চরপাড়া, সোনাকানিয়া, হলিদাবগা, শিচারপাড়া, ভেলুরপাড়া, মধুপুর, উত্তর করমজা, সাতবেকী, হরিখালী, তেকানী চুকাইনগর, বালুয়াহাট, কর্পুর, মহিচরণ, হাট করমজা এলাকায় কৃষি জমিতে কৃষকদের আমন ধান কাটতে দেখা গেছে।

চলতি বছর অনুকূল আবহাওয়া থাকলে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা। ধান কাটার পাশাপাশি মাড়াই, শুকানো ও সংরক্ষণের কাজও চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেক কৃষক নিজেরাই এসব কাজে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে জন্তিয়ার পাড়া এলাকার কৃষক এনামুল হক, খাটিয়ামারী এলাকার আজাদুল ইসলাম, ফুলবাড়ী এলাকার তুহিন মিয়া, মহব্বতের পাড়া এলাকার শামসুল হক মাস্টার বলেন, আমন ধান উৎপাদনে ব্যয় কম, লাভ বেশি। কারণ হিসেবে তারা বলেন, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে খরচ তেমন হয় না।

উপজেলার সৈয়দ আহম্মদ, হাট করমজা, বালুয়াহাট, হরিখালী, পাকুল্লা, কাচারী বাজার সহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, নতুন আমন ধান ১২শ’ থেকে ১৩শ’ টাকা মণে বিক্রি হচ্ছে। ভালো দামে নতুন ধান বিক্রি করতে পেরে সংশ্লিষ্ট উপজেলার কৃষকেরা বেজায় খুশি।

এদিকে ধান কাটা-মাড়াইকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে কৃষিশ্রমিকদের ব্যস্ততাও বেড়েছে। ধান কাটা, আঁটি বাঁধা, মাড়াই ও ধান শুকানোর কাজে শ্রমিকদের প্রয়োজন হচ্ছে। ফলে আমন মৌসুমে কৃষিকাজ ঘিরে গ্রামীণ অর্থনীতিতেও বাড়তি কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। বৃষ্টি হলে কাটা ধান শুকানো ও সংরক্ষণে সমস্যা দেখা দিতে পারে। তাই পাকা ধান দ্রুত ঘরে তোলার চেষ্টা করছেন কৃষক।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, বগুড়ার সোনাতলার কৃষকেরা আগাম আমন ধান রোপন করায় আগে-ভাগেই মাঠের ধান ঘরে তুলতে এখন তারা ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ধানের দাম ভালো পেয়ে খুশি কৃষক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186888