অভিনয় শেখাতে ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবার অভিনয় শেখানোর উদ্যোগ নিয়েছেন। ‘বিয়িং দ্য সালমান খান’ নামে নতুন একটি ইউটিউব চ্যানেল চালুর ঘোষণা দিয়েছেন তিনি। অভিনয়ের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে নিজের বিশেষ স্টাইল ও পর্দায় উপস্থিতির কৌশল—সবকিছুই তুলে ধরতে চান এই তারকা।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চ্যানেলের লিংক শেয়ার করেন সালমান। সঙ্গে দেন বিশেষ বার্তা—শুরু করা যাক একেবারে গোড়া থেকে। চ্যানেলে ‘এ থেকে জেড’ পর্যন্ত সবকিছু পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
চ্যানেলটির প্রচারমূলক ভিডিওতে সালমানকে দেখা গেছে দুটি ভিন্ন ভূমিকায়। একদিকে তিনি অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক, অন্যদিকে অভিনয় শিখতে আগ্রহী শিক্ষার্থী। এই উপস্থাপনার মধ্য দিয়ে অভিনয়ের নানা দিক সহজভাবে শেখানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
প্রায় চার দশকের চলচ্চিত্রজীবনে নিজের অভিনয়, সংলাপ বলার ধরন ও স্বতন্ত্র স্টাইল দিয়ে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন সালমান। এবার সেই অভিজ্ঞতা নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। তবে চ্যানেলে কী ধরনের ভিডিও নিয়মিত প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এটি অবশ্য ইউটিউবে সালমানের প্রথম যাত্রা নয়। ২০২০ সালে ‘সালমান খান ফিল্ম মিউজিক’ নামে একটি চ্যানেল চালু করেছিলেন তিনি। সেখানে তাঁর অভিনীত সিনেমার গান ছাড়াও প্রকাশিত হয়েছে মৌলিক গান। করোনাকালে ‘পেয়ার করোনা’ ও ‘তেরে বিনা’র মতো গান প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন এই অভিনেতা।
এবার সংগীতের পাশাপাশি অভিনয় ও নিজের স্টাইলকে সামনে রেখে নতুন ডিজিটাল যাত্রা শুরু করলেন সালমান। তাঁর এই উদ্যোগ ভক্তদের পাশাপাশি অভিনয় শিখতে আগ্রহীদের কতটা আকৃষ্ট করে, সেটিই এখন দেখার বিষয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186872