পরীক্ষায় পাস ও বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়, আটক ১২

পরীক্ষায় পাস ও বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়, আটক ১২

বিদেশে চাকরি ও প্রয়োজনীয় লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ দালালকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বিকেটিটিসি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দালাল চক্রটির বিরুদ্ধে ছায়াতদন্ত শুরু করা হয়। তদন্তে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় ও প্রতারণার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে চক্রের ১২ সদস্যকে আটক করা হয়।
এসআরবি জানায়, আটক ১২ জনের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে পটুয়াখালীর সবুজ ও সিরাজগঞ্জের শামীমকে ৩ মাস করে, সিরাজগঞ্জের সুজনকে ১ মাস, পাবনার শাহিনকে ২১ দিন, কিশোরগঞ্জের আবুল বাসারকে ১৫ দিন এবং ভোলার হারুন ও শরীয়তপুরের সুরুজ মিয়াকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ৫ জন হলেন—কিশোরগঞ্জের দুর্জয় (১০ হাজার টাকা), রংপুরের রেজাউল করিম (৫ হাজার টাকা), কিশোরগঞ্জের কাইয়ুম (৪ হাজার টাকা), ভোলার রিয়াজ (২ হাজার টাকা) এবং কামরুন নাহার (১ হাজার টাকা)।

এসআরবি-৪ আরও জানায়, বিকেটিটিসি মূলত বিদেশে কর্মসংস্থানের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে থাকে, তারা সরাসরি বিদেশে কর্মী পাঠায় না। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল সম্পূর্ণ বিনামূল্যে ও বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। 

কিন্তু প্রতারক চক্রটি বোয়েসেলের এই বিনা খরচের সুযোগকে কাজে লাগিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়া এবং বিদেশে পাঠানোর কথা বলে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে জানিয়েছে এসআরবি-৪।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186812