মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে জেলেদের হামলা, স্পিডবোট ক্ষতিগ্রস্ত

মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে জেলেদের হামলা, স্পিডবোট ক্ষতিগ্রস্ত

মেঘনা নদীর হিজলা অংশে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানের সময় হামলা চালিয়েছেন জেলেরা। তাঁদের হামলায় মৎস্য বিভাগের অভিযানে ব্যবহৃত একটি স্পিডবোটও ক্ষতিগ্রস্ত হয়েছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এসময় মাছ, জাল ও ইঞ্জিনচালিত দুটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে মেঘনা নদীর অন্ততপাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীতে টহল দিচ্ছিল। নদীর অন্ততপাম এলাকায় পৌঁছালে কয়েকটি নৌকায় থাকা জেলেরা লাঠিসোঁটা ও ইট নিয়ে কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জেলেদের ধাওয়া করেন।

খবর পেয়ে মৎস্য বিভাগের একটি স্পিডবোট নিয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে জেলেরা তাঁদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে স্পিডবোটের সামনের অংশের কাচ ও হর্ন ভেঙে যায়। এসময় ধাওয়া করে একটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সালাহউদ্দিন চিকদার ও মো. শাহ আলম।

পরে নদীতে ফেলে দেওয়া দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মাছ উদ্ধার করা হয়।
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে ফেলা হবে। আটক দুই জেলেকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186809