পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজ আবাদের ধুম

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজ আবাদের ধুম

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরে পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। উপজেলার বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষক এখন পেঁয়াজ আবাদে ব্যস্ত। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৫৮৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু প্রতিকূল আবহাওয়া আর মৌসুমী পেঁয়াজের বাজার মন্দা হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে বলে মনে করছেন উপজেলার আদর্শ এবং বড় পেঁয়াজ চাষিরা। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ পেঁয়াজ চাষি কামরুজ্জামান বলেন, মুড়িকাটা পেঁয়াজ আবাদের উপযুক্ত সময় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে আবাদ শুরু হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে।

গত ৫-৭দিন হলো চরাঞ্চলের উঁচু জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। আর ১০-১২দিন পর একইভাবে নিচু জমিতেও মুড়িকাটা পেঁয়াজ আবাদ শুরু হবে। আর এই আবাদ কার্যক্রম চলবে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, পেঁয়াজ চাষিরা মৌসুমী পেঁয়াজের লোকসান পোষাতে ব্যাপকভাবে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করছেন। আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চরাঞ্চলের জমিতে আবাদ করা মুড়িকাটা পেঁয়াজ উঠা শুরু হবে। আশা করি এ সময় দাম বাড়বে। এতে পেঁয়াজ চাষিরা লাভবান হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186806