চাঁপাইবাবগঞ্জে ২৮ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর একটি খাঁড়িতে ডুবে নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর কিশোরী আনিকা খাতুনের(১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা যায়, আনিকা নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে এবং জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার বেলা ২টার দিকে বাড়ির অদূরে খাঁড়ির ঘাটে গোসলের সময় পানিতে ডুবে নিখোঁজ হয় আনিকা। পরে স্বজনরা খোঁজ করলেও তার সন্ধান পাননি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, খবর পেয়ে রাজশাহী থেকে ডেকে আনা ডুবুরিদল ঘটনাস্থলে ওইদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে তাকে উদ্ধার করা যায়নি। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই খাঁড়িতে মরদেহ ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186787