নওগাঁর ৮৩৪টি মন্ডপে দুর্গাপূজার প্রস্ততি সম্পন্ন
নওগাঁ প্রতিনিধি : চলতি বছর নওগাঁ জেলায় শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মন্ডপে এখন চলছে প্রতিমা তৈরি আর সাজ সজ্জার কাজ। কারিগররা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। এবছর জেলায় ৮৩৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই সংখ্যা গত বছরের চেয়ে ৩২টি বেশি। গত বছর জেলায় ৮০২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল বলে পুলিশ সুপারের অফিস নিশ্চিত করেছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র অনুযায়ী জেলায় উপজেলা ভিত্তিক দুর্গাপূজা মন্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় পৌর এলাকার ৫৮টিসহ ১২৮টি, সাপাহার উপজেলায় ২০টি, পোরশা উপজেলায় ১৯টি, নিয়ামতপুর উপজেলায় ৫৫টি, ধামইরহাট উপজেলায় ৩১টি, পত্নীতলা উপজেলায় ৮৫টি, মহাদেবপুর উপজেলায় ১৫৯টি, বদলগাছী উপজেলায় ১০৮টি, মান্দা উপজেলায় ১২৫টি, রানীনগর উপজেলায় ৫০টি এবং আত্রাই উপজেলায় ৫৪টি।
নওগাঁ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রদীপ কুমার বলেছেন, জেলায় এ বছর পূজা কেন্দ্রিক সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের যে কোন বছরের চেয়ে বেশি উৎসবের আবহ পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন আশা করি দুর্গাপূজা নিরাপদে পালন করতে পারবো আমরা।
পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সর্বাত্মক শান্তিপূর্ণ করতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা এবং জেলা পর্যায়ে পূজা উদযাপন পরিষদের সকল শাখার নেতৃবৃন্দের সাথে নিরাপদ পূজা উদযাপনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি মন্ডপে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। এ ছাড়াও মোবাইল টিমের সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186784