‘কেমন আছেন?’ বললে শুধু ‘ভালো আছি’ উত্তর দিলে কি গুনাহ হয়?

‘কেমন আছেন?’ বললে শুধু ‘ভালো আছি’ উত্তর দিলে কি গুনাহ হয়?

দৈনন্দিন জীবনের সাধারণ আলাপচারিতায় ‘কেমন আছেন?’ বা ‘কেমন আছিস?’ এ রকম প্রশ্ন আমাদের মুখে লেগেই থাকে। সাক্ষাতের পর খোঁজখবর নেওয়া আমাদের অভ্যাস ও উত্তম সংস্কৃতির অংশ। এ রকম প্রশ্নের উত্তরে একজন মুসলমান হিসেবে আমরা কী বলবো?

শুধু ‘ভালো আছি’ বা ‘আল্লাহ ভালো রেখেছেন’ বললে কি গুনাহ হবে? অনেকেই আজকাল মনে করেন ও বলে থাকেন, ‘কেমন আছেন’ বা এই ধরনের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলার প্রশংসা না করে শুধু ‘ভালো আছি’ বা ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলা জায়েজ নয়। এ রকম বললে গুনাহ হয়।

এটা ঠিক যে, ‘কেমন আছেন?’ প্রশ্নের উত্তরে ‘আলহামদুলিল্লাহ’ বলা বা অন্য যে কোনো বাক্যে আল্লাহ তাআলার প্রশংসা করা উত্তম ও সওয়াবের কাজ। কিন্তু শুধু ‘ভালো আছি’ বা ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলাও নাজায়েজ নয় এবং এ রকম বললে গুনাহ হবে না।

মুসতাদরাকে হাকেমের একটি বর্ণনায় এসেছে, হজরত আয়েশা (রা.) বলেন, একবার এক বৃদ্ধা নারী রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খেদমতে হাজির হলে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কেমন আছেন? আপনাদের অবস্থা কেমন?’ জবাবে সেই নারী বলেছিলেন, ‘আমি ভালো আছি। আমার বাবা-মা আপনার জন্য কোরবান হোক, হে আল্লাহর রাসুল!’

তারপর নবীজি (সা.) তার বিস্তারিত খোঁজ-খবর নিলেন এবং পরে আয়েশার (রা.) কাছে তার প্রতি এত আন্তরিকতার কারণ ব্যাখ্যা করে বলেন, তিনি হযরত খাদিজার (রা.) জীবদ্দশায় তাদের কাছে আসতেন এবং পুরনো সম্পর্কের প্রতি যত্নশীল থাকা ইমানের অন্তর্ভুক্ত। (আল-মুস্তাদরাক আলাস সাহিহাইন: ৪০)

এই ঘটনায় দেখা যাচ্ছে, প্রিয়নবীর (সা.) ‘কেমন আছেন?’ প্রশ্নের উত্তরে বৃদ্ধা আল্লাহ তাআলার প্রশংসা না করেই শুধু ‘ভালো আছি’ বলেছেন, কিন্তু নবীজি (সা.) তার এই উত্তরে আপত্তি করেননি। অর্থাৎ নবীজি (সা.) তার উত্তরকে নাজায়েজ বা গুনাহের কাজ বিবেচনা করেননি।

তবে ‘কেমন আছেন’ প্রশ্নের উত্তরের সঙ্গে আল্লাহর প্রশংসা করা বা ‘আলহামদুলিল্লাহ’ বলা নিঃসন্দেহে অনেক বেশি ফজিলতপূর্ণ ও সওয়াবের কাজ। সাহাবায়ে কেরাম সাধারণত এ রকম প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এবং নবীজিও (সা.) আল্লাহ তাআলার প্রশংসাসহ উত্তর দেওয়াকে পছন্দ করেছেন ও উৎসহ দিয়েছেন।

মু’জামে আওসাতে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন, ‘হে অমুক! তোমার অবস্থা কেমন?’ তখন ওই ব্যক্তি উত্তরে বলেছিল, ‘আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি, হে আল্লাহর রাসুল!’ তখন রাসুলুল্লাহ (সা.) সন্তুষ্টি প্রকাশ করে ইরশাদ করেছিলেন, ‘আমি তোমার কাছে এ রকম উত্তরই প্রত্যাশা করেছিলাম।’ (ত্বাবরানি, মু’জামে আওসাত: ৪৩৭৭)

অনুরূপ আরেকটি ঘটনার উল্লেখ পাওয়া যায় ইমাম বুখারির ‘আল-আদাবুল মুফরাদ’ গ্রন্থে। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, একবার এক ব্যক্তি খলিফা হযরত ওমর ফারুককে (রা.) সালাম দেওয়ার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কেমন আছো?’

তখন লোকটি জবাবে বলেছিল, ‘আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি।’ এ কথা শুনে হযরত ওমর (রা.) খুশি হয়ে বলেছিলেন, ‘আমি তোমার কাছ থেকে এ রকম উত্তরই প্রত্যাশা করেছিলাম।’ (সহীহু আদাবিল মুফরাদ: ৮৬৬)

সুতরাং ‘কেমন আছেন?’ প্রশ্নের উত্তরে শুধু ‘ভালো আছি’ বলা যেমন জায়েজ, তেমনি এর সঙ্গে আল্লাহর শুকরিয়া মিশিয়ে ‘আলহামদুলিল্লাহ, ভালো আছি’ বা ‘আল্লাহ ভালো রেখেছেন’ উত্তম ও সওয়াবের কাজ। কেউ শুধু ‘ভালো আছি’ বললে তীব্র আপত্তি করা বা এটাকে ইমানের জন্য হানিকর বলা সমীচীন নয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186777