কানাডিয়ান পুলিশের বেশে জায়েদ খান, ছবি দেখে অবাক ভক্তরা!
বিনোদন ডেস্ক : কানাডার পুলিশের পোশাকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন ছবি প্রকাশের পর শুরু হয়েছে আলোচনা। অনেকের মনে প্রশ্ন, সত্যিই কি কানাডার পুলিশে যোগ দিয়েছেন এই অভিনেতা?
তবে বিষয়টি তেমন নয়। নতুন সিনেমা ‘ভায়োলেনস’-এ কানাডার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। ছবিটি সিনেমার শুটিংয়ের সময় তোলা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করার পরই শুরু হয় নানা জল্পনা।
জায়েদ খান জানিয়েছেন, স্বাভাবিকভাবেই ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন তিনি। তবে ছবিটি ঘিরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এত আলোচনা হবে, তা ভাবেননি। পুলিশে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, তিনি সিনেমার মানুষ এবং অভিনয় নিয়েই থাকতে চান।
বর্তমানে কানাডায় ‘ভায়োলেনস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, টানা শুটিং চলছে। সিনেমাটির গল্প দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। কাজ শেষ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এর আগে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় যান জায়েদ খান।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি অভিনয়শিল্পীদের কাজের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা ‘ভায়োলেনস’। গত আগস্টের শেষ দিকে সিনেমাটি নিয়ে খবর প্রকাশিত হয়। ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরীর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন কামাল হোসন বাবর।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186741