ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের
২০২৬ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে না পাকিস্তান। তাদের পরিবর্তে ছয় দলের এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমে টুর্নামেন্ট নিয়ে প্রতিবেদনে অংশগ্রহণকারী দলের তালিকাতে বাংলাদেশের নাম রয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে বসবে এবারের আসর। জালন্ধর ও মোহালিতে হবে ম্যাচগুলো।
এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল জাগো নিউজকে বলেছেন, ‘পাকিস্তান খেলতে যাবে না ভারতে। এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তাব দিয়েছিল খেলতে চাই কিনা। আমরা খেলার সম্মতি দিয়েছি। ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে।’
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল হলো-ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। শুরুতে টুর্নামেন্টে পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। তবে দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া না মেলায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে মূল পর্বে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আগে রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। ওমানও ছিল রিজার্ভ তালিকায়। কোনো দল সরে দাঁড়ালে যাতে ছয় দল নিয়েই প্রতিযোগিতা আয়োজন করা যায়, সে পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হয়েছিল রিজার্ভ দল।
পাকিস্তানের জায়গায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের ক্রীড়া-দ্বন্দ্বের বিষয়টিকেও সামনে এনেছে। দুই দেশ ২০০৮ সালের পর কোনো দ্বিপক্ষীয় হকি সিরিজে মুখোমুখি হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেখা হয়েছে। পাকিস্তানের মাটিতে ভারতের সর্বশেষ সিরিজ হয়েছিল ২০০৬ সালে।
এবারের টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। এরপর নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186712