আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

বিনোদন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপত্তিকর ভিডিও-ছবি ছড়িয়ে দেওয়া হয়। এবার বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত।

এসব কনটেন্ট সরিয়ে ফেলার দাবিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

কঙ্গনার অভিযোগ, প্রযুক্তির সাহায্যে তৈরি এসব ভিডিও ও ছবির মাধ্যমে তাকে হেয় করা হচ্ছে এবং তার মানহানি ঘটানো হচ্ছে।

পাশাপাশি তার ব্যক্তিসত্তার অধিকারও লঙ্ঘত হচ্ছে বলে দাবি করেন তিনি।

আদালতে কঙ্গনার আইনজীবী অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যৌন হয়রানির ভিডিও ও পোস্ট, ভুয়া খবর এবং এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্টের বিষয়টি তুলে ধরেন।

এসব কনটেন্টে কঙ্গনার নামে ভুয়া মন্তব্যও প্রচার করা হচ্ছে বলে আদালতকে জানান তার আইনজীবী।

ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়া কঙ্গনাই প্রথম নন।

গত কয়েক মাসে ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ একই ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন। এসব মামলায় হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তিও পেয়েছেন তারা।

এদিকে অভিনয়ে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। গত জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186697