গাইবান্ধার পলাশবাড়ীতে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র রাব্বীর মোড় থেকে কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সড়কটি কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিনিয়ত স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে সামান্য বৃষ্টির পরও সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, শুধু এ সড়ক নয়, পৌর শহরের বেশিরভাগ সড়কেরই একই অবস্থা। পর্যাপ্ত নালা-নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। ভারি বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

এসএমবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী মণ্ডল বলেন, বিদ্যালয়ের গেটের সামনে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা চলাচলে দুর্ভোগের শিকার হয়। মোটরসাইকেলচালক জাকির হোসেন লিটন বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে বৃষ্টির দিনে বের হওয়া যায় না। স্থানীয় ব্যবসায়ী অধ্যাপক আব্দুল মতিন বলেন, স্কুলসংলগ্ন একটি পুরোনো ড্রেন দিয়ে আগে পানি নিষ্কাশন হতো। সম্প্রতি ড্রেন পরিষ্কার করতে গিয়ে সেখানে রাবিশ ফেলার পর পানি নিষ্কাশন প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি সড়কে জমে থাকায় দোকানে ক্রেতারাও আসতে চান না। 

এ বিষয়ে পলাশবাড়ীর ভারপ্রাপ্ত পৌর মেয়র আল-ইয়াসার রহমান তাপাদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, পৌর শহরের কাঁচা ও অকেজো সড়কগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত এসব সড়কের উন্নয়নকাজ শুরু হবে বলে তিনি দাবি করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186665