হবিগঞ্জে কাগজপত্রবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান, আটক ৪৩
হবিগঞ্জ শহরে অবৈধ ও কাগজপত্র বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে সাড়াষি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট মসজিদ মোড়, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সদর থানা ও ট্রাফিক পুলিশ। অভিযানকালে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাসি করা হয়।
জানা গেছে- দূর্গা পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা ঠিক রাখতে এবং কিশোর গ্যাংসহ উচ্ছৃঙ্খল যুবকরা যাতে করে মোটর সাইকেল দিয়ে কোন ধরণের নাশকতা না করতে পারে সে জন্য তৎপর রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন পয়েন্টে সাড়াষি অভিযান চালানো হয়েছে। এসময় কাগজপত্রে ত্রুটি থাকায় ৪৩টি মোটর সাইকেল আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম খান। তিনি বলেন- অভিযানকালে ৪৩টি মোটর সাইকেল আটক করা হয়েছে। আটককৃত মোটর সাইকেলগুলোর কাগজপত্র যাচাই বাছাই চলছে। এর মধ্যে ৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে।
এদিকে- শহরের বিভিন্ন পয়েন্টে মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চলছে এমন সংবাদ পেয়ে অনেক মোটরসাইকেল চালক শহরের প্রধান সড়ক দিয়ে যাতায়ত না করে পাড়া মহল্লার ভেতর দিয়ে চলাচল করতে দেখা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186640