গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, পিটুনিতে বৃদ্ধের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের পিটুনিতে জহুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে আজ বুধবার (৭ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, জহুরুল ইসলামের সাথে তার প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি এবং সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বৃদ্ধ জহুরুল ইসলাম আহত হয় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186561