ঝরে পড়ার শঙ্কা দূর করে স্বপ্নের সাইকেলে চড়ে বিদ্যালয়ে ছুটবে ১০৫ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার : সকাল ১০টা পেরিয়েছে সবেমাত্র। অনুষ্ঠান শুরুর আগেই বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টি কাড়ল দুই স্কুলছাত্রীর উচ্ছ্বাস। চোখে আলোর ঝিলিক আর মুখমণ্ডলে আনন্দের আভা—কারণ আজ তারা পেতে যাচ্ছে স্কুলে যাওয়ার স্বপ্নের বাহন বাইসাইকেল।
মাঠে সাজিয়ে রাখা গোলাপি রঙের সাইকেলগুলোর দিকে বারবার মুগ্ধ হয়ে তাকাচ্ছিল মহিষবাথান এসএম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাজমিনা ও সপ্তম শ্রেণির ছাত্রী সুরাইয়া ইয়াসমিন।
সরকারের দেওয়া বাইসাইকেল নিতে গতকাল বুধবার তারা হাজির হয়েছিল উপজেলা চত্বরে। দুই শিক্ষার্থীরই বাবারা ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ। প্রতিদিন স্কুলে যাতায়াতের রিকশাবাড়া দেওয়ার সামর্থ না থাকায় দুই থেকে আড়াই কিলোমিটার পথ তাদের হেঁটে আসা-যাওয়া করতে হতো।
শুধু তাজমিনা বা সুরাইয়াই নয়, সাইকেল নিতে এসেছিল গোকুল তমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিম আক্তার ও সপ্তম শ্রেণির উম্মে সাদিহাও। মিম প্রতিদিন গোকুল উত্তরপাড়া থেকে এবং সাদিহা লাহিড়ীপাড়া ইউনিয়নের সাতশিমুলিয়া দোবাড়িয়া থেকে হেঁটে আসে।
প্রতিদিন হেঁটে আসা-যাওয়ায় তাদের প্রায় দেড় ঘণ্টা সময় অপচয় হতো এবং দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়ায় বাড়িতে ফিরে পড়তে বসলেই তাদের ঘুম পেত। সাদিহা ও মিমদের পরিবারের কারও বাবা পরের জমি বর্গা নিয়ে নার্সারি করেন, কেউ বা ক্ষুদ্র চাষি। ফলে ভ্যান বা রিকশার ভাড়াও জুটত না কপালে। সকাল ৯টায় বাড়ি থেকে রওনা দিয়ে স্কুল শেষে বাড়ি ফিরতে বিকেল গড়িয়ে যেত। উম্মে সাদিহা ও তাজমিনার মতো এমন ১০৫ জন কিশোর কিশোরী গতকাল আনন্দচিত্তে বাইসাইকেল ঘরে তোলে।
২০২৬-২৭ অর্থবছরের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ খাত থেকে বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন ও গ্রাম পুলিশের পোশাক-সামগ্রী বিতরণ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়।
এ সময় ১০৫ জন কিশোরীকে বাইসাইকেলের পাশাপাশি ১০৭ জন গ্রাম পুলিশকে পোশাক, স্বাবলম্বী হওয়ার জন্য ৪৮ জন নারীকে সেলাই মেশিন এবং ২৮ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়ার মূল উদ্দেশ্য হলো, যাতায়াত সমস্যার কারণে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।
তিনি আরও বলেন, সবারই সুন্দরভাবে বেঁচে থাকার এবং শিক্ষা অর্জনের অধিকার রয়েছে। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষায় জাতিকে এগিয়ে নিতে না পারলে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186552