বৃহস্পতিবার থেকে বগুড়ার সোনাতলায় আন্ত:নগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতি শুরু

বৃহস্পতিবার থেকে বগুড়ার সোনাতলায় আন্ত:নগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতি শুরু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্ত:নগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতি আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত সোনাতলাবাসী। গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয়দের যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। যার ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামের প্রচেষ্টায় বগুড়ার সোনাতলা রেলস্টেশনে বুড়িমারী আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির নির্দেশনা দিয়েছেন রেল মন্ত্রণালয়। সোনাতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে মানুষ রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এতদিন আন্ত:নগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতি না থাকায় অনেক যাত্রীকে অন্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হতো।

এতে সময় ও অর্থ—দুই-ই বেশি ব্যয় হতো। যাত্রাবিরতি চালু হওয়ায় এখন সোনাতলা থেকেই আন্ত:নগর ট্রেনে যাতায়াতের সুযোগ তৈরি হলো। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি কমবে। শিক্ষার্থীরা সহজে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীরাও কম সময়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন।

স্থানীয় ব্যবসায়ী আলহাজ আবুল কালাম আজাদ পুটু, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, আশরাফুল আলম, আলী আজম ডাবলু বলেন, আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির ফলে সোনাতলার ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় বাইরের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় কৃষিপণ্য ও অন্যান্য পণ্য বিভিন্ন বাজারে পরিবহনের ক্ষেত্রেও রেল যোগাযোগের সুবিধা কাজে লাগানো সম্ভব হবে।

চিকিৎসাসেবার ক্ষেত্রেও এ যাত্রাবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে সোনাতলা রেলওয়ে স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে আন্ত:নগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতী শুরু হবে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186551