জয়পুরহাট-সান্তাহার রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

জয়পুরহাট-সান্তাহার রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-আক্কেলপুর-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার পথে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অবৈধ যান চলাচল বন্ধের দাবি ও মালিক গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে দীর্ঘদিন ধরে এ রুটে স্বাভাবিক গণপরিবহন না থাকায় কর্মজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও যাতায়াত খরচ বেড়েছে, অন্যদিকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট-আক্কেলপুর-সান্তাহার রুটটি জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোর একটি। প্রতিদিন এই পথে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বাধ্য হয়ে অটোরিকশা, সিএনজি ও অন্যান্য ছোট যানবাহনে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের একাধিক যান পরিবর্তন করে গন্তব্যে যেতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, বাস চলাচল বন্ধ থাকায় স্বাভাবিক গণপরিবহনের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক কাজে যাতায়াত করতে গিয়ে তাদের বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর এর প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। এদিকে পরিবহন মালিকদের অভ্যন্তরীণ বিরোধও পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি এ রুটে অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবিও দীর্ঘদিনের।

বাস মালিকদের অভিযোগ, অনুমোদনহীন বা প্রতিযোগিতামূলকভাবে চলাচলকারী অটোরিকশা ও সিএনজির কারণে বাস পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকা শুধু যাত্রীদের ভোগান্তিই বাড়াচ্ছে না, এর প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডেও।

নিয়মিত যাতায়াতকারী মানুষকে প্রতিদিন বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে। এতে অনেকে নির্ধারিত সময়ে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। তবে বাস মালিকদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে বাস বন্ধের পেছনে মালিকপক্ষের বিরোধের সুনির্দিষ্ট কারণ খুঁজে ও এর সমাধানের উদ্যোগ প্রয়োজন।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিকদের বিরোধের সমাধান, অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ এবং যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হোক। জয়পুরহাট জেলা বাস মালিক গ্রুপের সহ-সভাপতি সামিমুল হুদা  চৌধুরী বলেন, এই রোডে অবৈধ যান চলাচল, অটোরিকশা ও সিএনজি বন্ধ করা হলে এ রুটে বাস চলাচল আবার সচল হবে। তিনি জানান, গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ প্রসঙ্গে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার আশি-কুর-রহমান বলেন, সান্তাহার-জয়পুরহাট রাস্তার বাস চলাচলের বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। যদি কখনো কেউ আবেদন করেন  সে ক্ষেত্রে প্রশাসন ব্যাবস্থা নেবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186533