পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা

পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এক চিঠিতে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন।


চিঠিতে কিম বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরো উন্নত করতে তিনি কাজ করে যাবেন এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়েও পুতিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কিম। তিনি এই যুদ্ধকে রুশ জনগণের ‘ন্যায়বিচারের পবিত্র যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শেষ পর্যন্ত রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে। রাশিয়া ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কিমের এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত এক বার্তায় কিম জং-উন পুতিনকে ‘প্রিয় বন্ধু ও কমরেড’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানান।

চিঠিতে কিম পুতিনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘গত দুই দশকে রাশিয়া বিশ্বশক্তি হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করেছে।’ পুতিন রুশ জনগণের ব্যাপক আস্থা ও সমর্থন পেয়েছেন বলেও দাবি করেন তিনি।


উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়াকে ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ হিসেবেও উল্লেখ করেছেন। একই সঙ্গে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা ঘনিষ্ঠ হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া রাশিয়াকে ১ কোটি ২০ লাখের বেশি গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। একই সংস্থার হিসাবে, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়া প্রায় ১৩ হাজার সেনা পাঠিয়েছে।


এর মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে তাদের দাবি।
ব্লুমবার্গ ইকোনমিক্সের হিসাবে, ২০২২ সাল থেকে রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে উত্তর কোরিয়া ১৪ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মধ্যে সেনা পাঠানোর বিনিময়ে প্রায় ৮৪৯ মিলিয়ন ডলার পেয়েছে দেশটি বলে অনুমান করা হয়েছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পিয়ংইয়ং রাশিয়ায় ৩০ হাজার থেকে ৫০ হাজার সেনা মোতায়েন করতে চায়।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি, উত্তর কোরিয়া দক্ষিণ রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে।

কিয়েভ দাবি করেছে, ২০২৬ সালে উত্তর কোরিয়া রাশিয়াকে ৪০টি কেএন-২৩ ও কেএন-২৪ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ইতিমধ্যে ইউক্রেনে হামলায় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186526