ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান

ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান

ঢাকার বস্তি এলাকাগুলোতে মোবাইল যক্ষ্মা স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণে জাপান ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার দেবে। এর মাধ্যমে বছরে প্রায় ৯ হাজার মানুষ রোগ নির্ণয় সেবার আওতায় আসবে এবং আগে শনাক্ত না হওয়া রোগীদের চিকিৎসাসেবার আওতায় আনা হবে।

আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি গতকাল জাপান দূতাবাসে আইসিডিডিআর’বির সঙ্গে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

জাপানের গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিপি) কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে।

প্রকল্পের আওতায় আইসিডিডিআর’বি একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি ফুজিফিল্মের বহনযোগ্য ডিজিটাল এক্স-রে ইউনিট সংগ্রহ করবে। ফলে, মোবাইল স্ক্রিনিং দলগুলো স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত, এমন জনগোষ্ঠীর কাছে সরাসরি যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দিতে পারবে।

এই উদ্যোগের মাধ্যমে যক্ষ্মা রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা করা এবং সংক্রমণের বিস্তার রোধে সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাইদা বলেন, জাপান মানব নিরাপত্তা, মানুষের জীবন ও মর্যাদা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে সেই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

এই উদ্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার উন্নত করতে আইসিডিডিআর’বির জনস্বাস্থ্যবিষয়ক দক্ষতার সঙ্গে জাপানি প্রযুক্তির সমন্বয় করা হবে।

অনুষ্ঠানে টয়োটা শুশো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানিও উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়নে সহায়তার জন্য টয়োটা শুশো কর্পোরেশন ও ফুজিফিল্ম যানবাহন ও সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেবে।

১৯৮৯ সাল থেকে জাপান জিজিপি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে ২২৪টি এনজিও প্রকল্পে সহায়তা করেছে।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা জোরদারে এসব প্রকল্পে প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186517