ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কিনতে বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যান রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, মহেশপুর থেকে কোটচাঁদপুর যাওয়ার পথে তারা কাটাখালী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হতে দেখেন। এতে ট্রাকের চাপায় এক যুবক নিহত হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186494