পিছিয়ে পড়েও জিতল স্পেন, কেইনের গোলে জয় ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে মিকেল মেরিনো জোড়া গোলে স্পেনের অপরাজিত থাকল ৪২ ম্যাচ। অন্যদিকে, জাতীয় দলের জার্সিতে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার দিনে হ্যারি কেইন জেতালেন ইংল্যান্ড। তার জোড়া গোলে চেক প্রজাতন্ত্র ৩-০ ব্যবধানে হেরেছে।
উয়েফা নেশন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলতে নেমে তিন দিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েশিয়া। তবে গতকাল (মঙ্গলবার) স্পেনের বিপক্ষে নিজেদের মাঠে শুরু থেকেই তারা লড়াইয়ের আভাস দেয়। ম্যাচের ১৭তম মিনিটে ইভান পেরিসিচের নিখুঁত হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। নিচের বাঁ কোনা দিয়ে তিনি বলটি জালে পাঠান।
যদিও স্প্যানিশদের লম্বা সময় অপরাজিত থাকার ধারা ভাঙতে পারেনি ক্রোয়াটরা। ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মেরিনো সমতাসূচক প্রথম গোলটি করেন। বক্সের মাঝখানে ফাঁকা জায়গা পেয়ে বাঁ পায়ের শটে তিনি বল জালে পাঠান। এরপর ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেরিসিচকে। ১০ জনের দলে পরিণত হওয়া ক্রোয়েশিয়াকে ৮৯তম মিনিটে আবারও গোল হজম করান মেরিনো। এবার বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে তিনি স্পেনের ঘুরে দাঁড়ানো জয় নিশ্চিত করেন।
এদিকে, অপর ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইংল্যান্ড ৩-০ গোলে জিতেছে। তাদের জয়ের রাতে প্রশংসায় ভাসছেন কোচ টমাস টুখেলও। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম (২৬) ম্যাচে ২০টি জয় পাওয়া কোচ হয়েছেন তিনি। চেকদের বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে ভ্লাদিমির কৌফালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কেইনের বাড়ানো ক্রসের সূত্র ধরেই লিড পাওয়া গোলটি হয়েছে।
ইংলিশ অধিনায়ক তার পূর্বসূরী ও সাবেক গোলরক্ষক পিটার শিলটনের সমান জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১২৫তম ম্যাচ খেলতে নামেন এদিন। কেইন নিজের ঐতিহাসিক রাতকে আরও স্মরণীয় করে তোলেন জোড়া গোলে। বিরতির ঠিক আগে তিনি নিজের প্রথম গোল করেন। এলিয়ট অ্যান্ডারসনের লম্বা পাস পেয়ে মর্গান রজার্স ডান দিক থেকে প্রথম স্পর্শেই ক্রস বাড়ান। বক্সের মধ্যে থাকা ৩৩ বছর বয়সী কেইন নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। লুইস হলের কর্নার থেকে বল পেয়ে দূরের পোস্টের কাছে লাফিয়ে হেডে গোল করেন তিনি। ইংল্যান্ডের হয়ে এটি তার ৯১তম গোল।
এই জয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা ইংল্যান্ডের পয়েন্ট ৯। একই গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন, তাদের কোয়ার্টার নিশ্চিত। ক্রোয়েশিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186478