চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদককারবারিদের হামলায় আহত ৫, আক্রান্ত ইউএনও’র গাড়ি
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় মাদককারবারিদের হামলায় আহত হয়েছেন পাঁচ মাদক নির্মূল কমিটির সদস্য। ঘটনাস্থলে গিয়ে মাদককারবারিদের আক্রমণের শিকার হয়েছেন ইউএনও জিল্লুর রহমান। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)।
রহনপুর রেল স্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন জানান, রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য কেডিসিপাড়াকে (শান্তিপাড়া) মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমাদের সদস্যরা মাদকবিরোধী কাজ করার সময় ওই এলাকার গডফাদার আব্দুল্লাহর লোকজন আমাদের সদস্যদের ওপর হামলা চালিয়ে মহিলাসহ ১০ জনকে আহত করে। এসময় ইউএনও জিল্লুর রহমান ঘটনাস্থলে এলে তার গাড়িতে হামলা চালানো হয়।
এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান জানান, রহনপুর রেলস্টেশনে শান্তিপাড়ায় আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সারাদিন দুই পক্ষেরই মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। আমরা সেটা দেখার জন্য মঙ্গলবার রাতে সেখানে গেলে মাদকব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের ওপর চড়াও হয় এবং সেখানে একজন আম ব্যবসায়ীকে আক্রমণ করে। আহত আম ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হওয়ার সময় কয়েকজন বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করে। এসময় একটি পাথর আমার গাড়িতে লাগে এবং গাড়ির গ্লাস সামান্য ভেঙে যায়। আমরা এ ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। আমরা চলে আসার পর আম ব্যবসায়ীদের আরো কয়েকজনকে মাদকব্যবসায়ীরা আক্রমণ করে। এতে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জেনেছি।
ওই এলাকার আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ওসি নাজমুল হক জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186472