আজ কবি হেলাল হাফিজের জন্মদিন  

আজ কবি হেলাল হাফিজের জন্মদিন  

আজ কবি হেলাল হাফিজের জন্মদিন। তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের এই দিনে নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। কবির শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নিজ শহরেই। ১৯৬৭ খ্রিষ্টাব্দে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে একই বছর কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন।

কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ঘটে ষাটের দশকের উত্তাল সময়ে। ১৯৬৯ খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। ‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কালজয়ী কবিতার এ লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

১৯৮৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। এটি ব্যাপক আলোচিত কাব্যগ্রন্থ। বইটির ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। ২০১২ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’ প্রকাশিত হয়। ২০১৯ সালে তার তৃতীয় ও সর্বশেষ কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়।

কবি প্রথম জীবনে সাংবাদিকতাকে পেশা হিসবে বেছে নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় ১৯৭২ খ্রিষ্টাব্দে সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক পূর্বদেশে।

১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন তিনি। পূর্বদেশ বন্ধ হয়ে গেলে ১৯৭৬ খ্রিষ্টাব্দের শেষ দিকে হেলাল হাফিজ দৈনিক দেশ পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দান করেন। দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক ছিলেন তিনি।

কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও তিনি পেয়েছেন- যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোণা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা।

হেলাল হাফিজ দীর্ঘদিন গ্লুকোমায় ভুগছিলেন। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ঢাকার শাহবাগের হোস্টেলে হঠাৎ পড়ে যাওয়ার পর প্রায় ৩০ মিনিট পরে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করেন। তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186468