লিংকডইন দিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীনা গোয়েন্দারা, লক্ষ্য মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা
আন্তর্জাতিক ডেস্ক : পেশাদারদের যোগাযোগের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ব্যবহার করে ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য, শিক্ষাবিদসহ স্পর্শকাতর তথ্যের নাগাল রয়েছে—এমন ব্যক্তিদের লক্ষ্য করে এ তৎপরতা চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লক্ষ্য ব্যক্তিদের পেশাগত পরিচয় ও অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে বার্তা তৈরি করছেন চীনা গোয়েন্দারা।
সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ এক যৌথ সতর্কবার্তায় চীনের এ তৎপরতার কথা জানায়।
জোটটির ভাষ্য, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে লিংকডইনসহ বিভিন্ন পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে হাজার হাজার সম্ভাব্য লক্ষ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন।
চীনা গোয়েন্দারা কখনো করপোরেট প্রতিষ্ঠানের নিয়োগদাতা, আবার কখনো ব্যবসায়িক পরামর্শক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। সহজে অর্থ আয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ্য ব্যক্তিদের পেশাগত বিষয়ে প্রতিবেদন তৈরি বা পরামর্শ দেওয়ার কাজ দেওয়া হচ্ছে।
পরে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সংবেদনশীল তথ্য ও গোপন নথি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
এআই দিয়ে তৈরি হচ্ছে বিশ্বাসযোগ্য ফাঁদ
গোয়েন্দা তৎপরতায় ভুয়া পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে এআই দিয়ে তৈরি ছবি, পেশাদার বার্তা ও নকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। লক্ষ্য ব্যক্তির কর্মক্ষেত্র, অভিজ্ঞতা ও আগ্রহ বিশ্লেষণ করে তাঁদের উপযোগী বার্তা পাঠানো হয়। ফলে প্রাথমিক পর্যায়ে অনেকেই বুঝতে পারেন না যে তাঁরা বিদেশি গোয়েন্দা সংস্থার নজরে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মীদের মধ্যে লিংকডইনের ব্যবহার বেশি হওয়ায় প্ল্যাটফর্মটি গোয়েন্দাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।
এফবিআইয়ের অভিযানে ১৩টি ডোমেইন জব্দ
চীনের কথিত অনলাইন গুপ্তচরবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও পদক্ষেপ নিয়েছে। গত ১০ জুন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই চীনা গোয়েন্দাদের ব্যবহৃত ১৩টি ওয়েব ডোমেইন জব্দ করে। এসব ওয়েবসাইটে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করা হতো।