আইয়ারের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

আইয়ারের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

স্পোর্টস ডেস্ক : অভিষিক্ত নামান ধীরের দুর্দান্ত বোলিংয়ের পর দলনেতা শ্রেয়াস আইয়ারের ঝোড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতে অবশ্য তাকে একটু চিন্তায় ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মায়াঙ্ক যাদবকে চার-ছক্কায় আক্রমণ করে ১৬ রান তুলে নেন হোপ। তবে পাওয়ারপ্লেতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

অর্শদীপ সিংয়ের বলে ১১ বলে ১২ রান করে ফেরেন কামিল পুরান। এরপর শিমরন হেটমায়ার মাত্র ৫ রান করে রানআউট হন। রোভম্যান পাওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি, তাকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। ফলে পাওয়ারপ্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪৪ রানে ৩ উইকেট।

এরপর হাল ধরেন হোপ ও শেরফাইন রাদারফোর্ড। চতুর্থ উইকেটে দুজন মিলে ৬৩ রান যোগ করে দলকে বিপদ থেকে টেনে তোলেন। ৩৭ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫২ রান করেন হোপ। অভিষিক্ত নমান ধীরের বলে তার সেই প্রতিরোধ ভাঙে।

হোপ ফেরার পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মাঝের ওভারে নামান ধীর ও কুলদীপ যাদবের স্পিনে চাপে পড়ে ক্যারিবীয় ব্যাটিং। একপ্রান্তে অবশ্য ঝড় তোলেন রাদারফোর্ড। ৩৪ বলে ছয় চার ও তিন ছক্কায় ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

রাদারফোর্ডও মায়াঙ্ক যাদবের বলে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। শেষ দিকে আকিল হোসেনের ৯ বলে ১৫ রানের ছোট ক্যামিওতে ১৭১ রানে পৌঁছায় তারা।

ভারতের হয়ে অভিষিক্ত নমান ধীর ৩১ রানে তিনটি উইকেট নেন। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186448