পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইউনুস আলী(৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার ৫নং বুড়াবুড়ী ইউনিয়নের হাড়াদিঘী এলাকায় ডাহুক ব্রিজের প্রায় ৫০ ফুট দক্ষিণ-পূর্বে ভারত-বাংলাদেশ তেল পাইপলাইন সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা সরঞ্জামগুলোর আনুমানিক মূল্য ৭৬ হাজার টাকা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের ফলে নদীতে গভীর খাদ সৃষ্টি, নদীর গতিপথ পরিবর্তন, নদীর তীরবর্তী রাস্তা ও সেতু ঝুঁকিপূর্ণ হওয়া এবং আবাদি জমির ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় ৫নং বুড়াবুড়ী ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মো: আসাদুজ্জামান বাদি হয়ে তেঁতুলিয়া মডেল থানায় পলাতক আসামি মো. ইউনুস আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, আসামি পলাতক রয়েছে, গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186424