বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার গহনা কিনে পালিয়ে গেল প্রতারক

বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার গহনা কিনে পালিয়ে গেল প্রতারক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় তামান্না জুয়েলার্সে প্রতারণা করে জাল টাকার বিনিময়ে সোনার গহনা নিয়ে পালিয়েছে এক প্রতারক। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মেরিনা রোডের আনোয়ারা সুপার মার্কেটের এম এ খান লেনে এ  ঘটনা ঘটে।

জুয়েলার্স মালিক আব্দুল বারী জানান, প্রতিদিনের ন্যায় তিনি তার জুয়েলার্সে সোনার গহনা বেচাকেনা করছিলেন। বেলা ২টার দিকে সাদা শার্ট পরিহিত একব্যক্তি এসে সোনার চেইন দেখাতে বলেন। পছন্দ হওয়ার পর তিনি ৬.২৪গ্রাম ওজনের সাবিত্রী চেইন মডেলের সোনার গহনাটির মূল্য বাবদ একলাখ টাকার একহাজার টাকার নোটের একটি বান্ডিল এবং আলাদা করে আরও ১১হাজার টাকা প্রদান করেন।

টাকাগুলো গণনা ও পরীক্ষা নীরিক্ষা করার মাঝে অন্য একজন গ্রাহকের সাথে কথা বলার ফাঁকে চেইনটি নিয়ে ওই প্রতারক সটকে পড়ে। পরে ক্যাশ মেমোতে দেখা যায়, ওই প্রতারক নিজেকে বগুড়া ক্যান্টমেন্ট এলাকার বাসিন্দা  মেজর ছাব্বির রহমান নামে ভূয়া পরিচয় দিয়েছে।

খবর পেয়ে বগুড়া সদর থানার এসআই রাজিব ফোর্সসহ ঘটনাস্থলে এসে জাল টাকার বান্ডিল জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যান। এব্যাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, এ ব্যাপারে ওই দোকান ও মার্কেটের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ দেখে ওই প্রতারককে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186420