নওগাঁর সাপাহার সীমান্তে চারজনকে পুশ ইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জোর করে ঠেলে দেওয়া ওই চারজন এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী ও তিন পুরুষসহ চারজনকে সীমান্তের গেট খুলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
তাৎক্ষণিক খবর পেয়ে (১৪ বিজিবি) সোনাডাঙ্গা বিজিবি’র টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে ফলে ওই চারজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে কাঁটা তারের বেড় পেরিয়ে ভারত অভ্যন্তরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবি’র অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186339