মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে শেষ হতে যাচ্ছে এক স্বর্ণালী অধ্যায়। জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলতে নামছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে তার বিদায়ী ম্যাচ ঘিরে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এই কিংবদন্তিকে বিদায় জানাতে স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ‘ওলে’র প্রতিবেদন, বুয়েনস এইরেসে ইতোমধ্যে সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। স্থানীয় সময় সোমবার বিকেলে দ্বিতীয় অনুশীলনে দলের শেষ প্রস্তুতি সম্পন্ন করবেন কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদাযয়ী সংবর্ধনাকে স্মরণীয় করতে একাদশেও আনা হতে পারে বেশ কিছু পরিবর্তন। অভিজ্ঞ খেলোয়াড়দের বেশ কয়েকজনকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুই প্রীতি ম্যাচে খেলেননি মেসি। মূলত বিদায়ী ম্যাচের জন্যই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত দুটি ম্যাচে বেশ কিছু নতুন মুখকে পরখ করলেও, বেনিনের বিপক্ষে এই বিশেষ ম্যাচে অভিজ্ঞ ভিত্তি ও নতুন শক্তির দুর্দান্ত মিশ্রণ ঘটাতে যাচ্ছেন কোচ স্কালোনি। একই কারণে জিওভানি লো সেলসো, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দিকেও স্কোয়াডে রাখা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ভবিষ্যতের ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে স্কালোনি নতুন খেলোয়াড়দের পরখ করে নিলেও বেনিনের বিপক্ষে ম্যাচটি সম্পূর্ণরূপে মেসিকে কেন্দ্র করেই পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ এমন এক একাদশ মাঠে নামাতে যাচ্ছেন, যা ম্যাচটিকে অধিনায়কের সংবর্ধনা ও বিদায়ের এক অনুপম স্মারকে রূপ দেয়া যায়। 

অন্যদিকে মেসির বিদায়ী ম্যাচের আগে আত্মবিশ্বাসী আফ্রিকার দল বেনিনও। সর্বশেষ ম্যাচে আইভরি কোস্টের আবিদজানে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে পার্থক্য গড়ে দেন রাফায়েল আলোকো। তার জোড়া গোলে এগিয়ে যায় বেনিন, পরে একটি গোল শোধ করলেও ম্যাচে জয় ধরে রাখে তারা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে দলটি। 

২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব শুরু করা মেসির জাতীয় দলের হয়ে অর্জনের তালিকাও দীর্ঘ। জাতীয় দলের জার্সিতে তিনি জিতেছেন ছয়টি বড় শিরোপা—২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ২০০৮ বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা ১২৫, সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত।

আর্জেন্টিনার মাটিতে মেসির সর্বশেষ ম্যাচ হয়েছিল গত ৩১ মার্চ। লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে গোলও করেছিলেন তিনি। আর্জেন্টিনা জিতেছিল ৫-০ গোলে। এবার সেই আর্জেন্টিনার মাটিতেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। তাই বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের আবেগঘন সমাপ্তির মঞ্চও হতে যাচ্ছে।

মেসির বিদায়ী ম্যাচে কোচ স্কালোনি মূলত তার চেনা ৪-৩-৩ অথবা রূপান্তরযোগ্য ৪-৪-২ (ডায়মন্ড) ফরমেশনে দলকে খেলাতে পারেন। আক্রমণভাগে মেসিকে পূর্ণ স্বাধীনতা দিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখাই থাকবে মূল লক্ষ্য।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186268