পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দিচ্ছেন না শোয়েব আখতার

পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দিচ্ছেন না শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক :  পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন শোয়েব আখতার, এমন গুঞ্জন ছড়িয়েছিল কয়েক দিন ধরে। এমনকি দেশটির সাবেক তারকা পেসারকে প্রধান নির্বাচক করার প্রস্তুতি চলছে বলেও খবর প্রকাশিত হয়েছিল।

তবে সেই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন শোয়েব। পিসিবিতে কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি খবর ছড়ায়, ইসলামাবাদে বসবাসকারী শোয়েবের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বৈঠক হয়েছে। সেখানে পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তাকে বোর্ডের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলেও দাবি করা হয়েছিল।

তবে শোয়েব নিজেই জানিয়েছেন, এসব খবরের কোনো সত্যতা নেই।

 

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিসিবিতে দায়িত্ব নেওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

উপস্থাপক তাকে তার আগের একটি মন্তব্যের কথাও মনে করিয়ে দেন। সেখানে শোয়েব জানিয়েছিলেন, তার প্রয়াত মা তাকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি, দুটো থেকেই দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন।

 

জবাবে পিটিভি স্পোর্টসে শোয়েব বলেন, ‘এমন কিছুই নেই। যা বলা হচ্ছে, সবই অনুমাননির্ভর। আমি আমার আগের বক্তব্যের ওপরই আছি এবং সেই পরামর্শ মেনেই চলব।’

তিনি আরও বলেন, ‘এসব দাবির কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার মোটেও আগ্রহ নেই। আমি আমার বক্তব্যের ওপরই আছি। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার খবরগুলোও শুনছি। এগুলো সবই ভুয়া, এসব দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করলেও পিসিবির আনুষ্ঠানিক কোনো পদ নিতে অনিচ্ছুক শোয়েব। তবে অন্যভাবে দেশের ক্রিকেটের পাশে থাকতে চান তিনি।

শোয়েব বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করতে চাই। তবে আমার মনে হয়, আরও অনেক উপায়ে আমি তা করতে পারি।’

এর আগে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে শোয়েব ও নাকভির সম্পর্কেরও উন্নতি হয়েছে। শোয়েবের ভাই মারা যাওয়ার পর পিসিবি চেয়ারম্যান নিজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সেখান থেকেই শোয়েবকে পিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছড়ায় বলে দাবি করা হয়েছিল।

এদিকে পাকিস্তান নারী ক্রিকেট দলের জন্যও স্থায়ী ও দীর্ঘমেয়াদি প্রধান কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে পিসিবি। সাম্প্রতিক ম্যাচগুলোতে দলটির পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186257