চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর। তার পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ করছে পুলিশ।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বিএম ডিপো এলাকায় রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেন থেকে পড়ে আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত কিশোরের পরিবারের সন্ধানে পুলিশ কাজ করছে।

মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম লিডার পিপলু জানান, রেললাইনের পাশে কিশোরটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186250