ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৪৮ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত আরিফের বয়স ২৪ বছর। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ১২ মিনিটে আরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুর জটিলতার পাশাপাশি শ্বাসতন্ত্রের গুরুতর সমস্যা ও ব্রঙ্কিয়েকটেসিসজনিত শ্বাসযন্ত্রের অকার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী এবং ১১ জন শিশু রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ৪৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ১১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186239