আপনি কোন কোন জেলা ঘুরেছেন? ভাইরাল ট্রাভেল ম্যাপ বানাবেন যেভাবে
ছুটি পেলেই ব্যাগে পিঠব্যাগ গুছিয়ে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া ভ্রমণপিপাসুদের এক অদ্ভুত নেশা থাকে। কে দেশের কতটি জেলা ঘুরেছেন এবং কোন কোন জেলা ভ্রমণ করা বাকি তার নিখুঁত হিসাব রাখতে এবার তৈরি হয়েছে একটি চমৎকার অনলাইন প্ল্যাটফর্ম।
ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই আকর্ষণীয় ‘ভ্রমণ ম্যাপ’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দারুণভাবে ভাইরাল হয়েছে। অনেকেই নিজেদের ভ্রমণ ম্যাপ বানিয়ে টাইমলাইনে শেয়ার করছেন। আপনিও খুব সহজে এই ম্যাপ তৈরি করে নিতে পারেন।
যেভাবে বানাবেন নিজের ভ্রমণ ম্যাপ
অনলাইন এই ম্যাপ তৈরি করার প্রক্রিয়াটি বেশ সহজ। নিচে ধাপে ধাপে পদ্ধতিগুলো দেওয়া হলো:
ওয়েবসাইটে প্রবেশ : প্রথমে unseenbangladesh.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে দেশের আটটি বিভাগের ৬৪টি জেলার নাম ও একটি মানচিত্র দেখতে পাবেন।
জেলা নির্বাচন : যে জেলাগুলোতে আপনি ইতোমধ্যে ভ্রমণ করেছেন, সেগুলোতে ক্লিক করে বা সরাসরি মানচিত্র থেকে সিলেক্ট করতে পারবেন। এ ছাড়া সার্চ বক্সে জেলার নাম লিখেও খুঁজে বের করা সম্ভব।
হিসাবের ট্র্যাকিং: আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, তার মোট সংখ্যা ম্যাপের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে (যেমন: ১০/৬৪)। সব জেলা একসঙ্গে সিলেক্ট করতে ‘সব বাছাই করুন’ এবং নতুন করে শুরু করতে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে।
থিম ও কাস্টমাইজেশন : ওয়েবসাইটে ৫টি ভিন্ন থিম দেওয়া আছে। আপনার পছন্দের রঙের থিম বেছে নিয়ে ম্যাপটি আকর্ষণীয় করে সাজাতে পারবেন।
ছবি ও নাম যুক্তকরণ : ম্যাপের সঙ্গে নিজের ছবি এবং নাম যুক্ত করার সুযোগ রয়েছে। নাম ঐচ্ছিক রাখা হয়েছে নাম লিখলে তা ম্যাপের ওপর ভেসে উঠবে, আর না লিখলে ডিফল্টভাবে ‘আমার বাংলাদেশ’ দেখাবে।
ডাউনলোড পদ্ধতি : ম্যাপ সাজানোর কাজ শেষ হলে পেজের একেবারে নিচে গিয়ে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অংশ থেকে পিএনজি (PNG), জেপিজি (JPG) বা পিডিএফ (PDF) ফরম্যাটে ফাইলটি নামিয়ে নেওয়া যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186217