ব্রাহ্মণবাড়িয়ায় পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে পিবিআই পুলিশ পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আজ রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে তাকে আটক করে স্থানীয় লোকজন।

শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। আটকের পর পুলিশ পরিচয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে শরীফ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীফ উদ্দিন বিভিন্ন মামলার কপি সংগ্রহ করে মামলার বাদী এবং বিবাদীর কাছে যায়।

মামলার কপি দেখিয়ে সে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিআইবি) পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাদী এবং বিবাদীদের পক্ষে মামলার রিপোর্ট দেওয়ার নামে টাকা পয়সা হাতিয়ে নিত।

রোববার (৫ অক্টোবর) বিকেলেও সে কসবা উপজেলার শ্যামবাড়ী গ্রামে একটি মামলার কপি নিয়ে আসে।

তার পরনে ছিলো পুলিশের নেভী ব্লু প্যান্ট ও বুট জুতা। শ্যামবাড়ী গ্রামে গিয়ে একটি দোকানের সামনে একজনের ঠিকানা খোঁজ করতে থাকে। তখন ওই গ্রামের বাসিন্দা নয়ন নাজির নামে একজন আইনজীবীর কাছে তার কথা-বার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। 

এ সময় উপস্থিত জনতা তার পরিচয় জানতে চাইলে প্রতারক শরীফ উদ্দিন রেজভী নিজেকে পিআইবি পুলিশ সদস্য দাবি করে। উপস্থিত লোকজন তার পরিচয়পত্র দেখাতে বলে। সে পরিচয় পত্র দেখাতে পারেনি।

এক পর্যায়ে সে নিজেকে আদালতের এক আইনজীবীর মুহুরি দাবি করে। মুহুরি কার্ড দেখতে চাইলে শরীফ উদ্দিন কম্পিউটারে বানানো একটি ভুয়া মুহুরি আইডি কার্ড দেখায়।

পরে লোকজন উত্তেজিত হয়ে উঠলে শরীফ উদ্দিন স্বীকার করে সে বিভিন্ন উপায়ে মামলার ছবি তুলে এগুলোকে প্রিন্ট করে বাদী এবং বিবাদীদের বাড়িতে গিয়ে তাদের মামলায় জিতিয়ে দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, প্রতারণার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186196