সিনেমার গানে তানজিন মিথিলা
অভি মঈনুদ্দীন ঃ তানজিন মিথিলা এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। আজ থেকে বেশ কয়েকবছর আগেই তিনি সিনেমায় গান গেয়েছেন। তবে এবার বেশকিছুদিন বিরতি শেষে তিনি চমৎকার একটি সিনেমায় খুউব ভালো কথা ও সুরের একটি গান গাইলেন। সিনেমার নাম ‘ফিল্টার’। গানের শিরোনাম ‘বুঝেনা বুঝেনা মন’। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর সঙ্গীত করেছেন সজীব খান। এতে মিথিলার সহশিল্পী হিসেবে আছেন মনির। তিনদিন আগেই সিনেমার এই গানে কন্ঠ দিয়েছেন মিথিলা।
মিথিলা বলেন,‘ বুঝেনা বুঝেনা মন-গানটির কথা ও সুর আমার কাছে এতো ভালোলেগেছে যে এই গানটি নিয়ে আমার প্রত্যাশা বেড়ে গেছে। আমার বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। কারণ গানটির রেকর্ডিং-এর সময় উপস্থিত সকলেরই গানটি ভীষণ ভালোলেগে যায়। সবাই বলছিলেন এই গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আর আমি নিজেও গানটি খুউব মন দিয়ে গাইবার চেষ্টা করেছি যেন সিনেমার এই গানটি সবার মনে জায়গা করে নেয়। একটি সিনেমার গান দিয়েও অনেক শিল্পী যুগের পর যুগ বেঁচে থাকেন। আমার প্রত্যাশা ঠিক তাই। এখন দেখা যাক গানটি প্রকাশ্যে আসলে তা কেমন ভাবে শ্রোতারা গ্রহন করেন।’
মিথিলা জানান, এরইমধ্যে তিনি আরো তিন/চারটি মৌলিক গানেও কন্ঠ দিয়েছেন। বেশ কয়েকটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায়। কিছুদিন আগে তিনি টাঙ্গাইলের নাগরপুরেও গিয়েছিলেন একটি ব্যক্তিগত কাজে। আগামী কিছুদিনের মধ্যে তিনি নেত্রকোণা যাবেন তার বাবা মায়ের কাছে। একটা দীর্ঘ সময় ধরেই বাবা মায়ের সঙ্গে দেখা হচ্ছেনা বিধায় তিনি অক্টোবরের মাঝামাঝি সময়ের আগেই চলে যাবেন নেত্রকোনা।
এরইমধ্যে কিছুদিন আগে তানজিন মিথিলা নতুন মৌলিক গান ‘পিরিতি পিরিতি’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। গানটির পাশাপাশি এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তানজিন মিথিলা। সম্প্রতি বিশেষ টেলিভিশন নাটক ‘ইচ্ছেতে যে হেরে গেছে’-এর একটি গানেও কণ্ঠ দিয়েছেন মিথিলা। ‘বর্ণমালা’ শিরোনামের গানটির কথা লিখেছেন আতিক মাহমুদ। সুর করেছেন আহসান জামিল আঁচল। গানটিতে মিথিলার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আঁচল। নাটকটি পরিচালনা করেছেন সাদনান রনি। এর আগে লেজার ভিশনের ব্যানারে ‘মন রে’ শিরোনামে একটি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তানজিন মিথিলা। অ্যালবামটির সব গানই তার নিজের লেখা ও সুর করা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186150