বগুড়ার ধুনটে স্কুলছাত্রী অপহরণ মামলায় জামাই-শাশুড়ি গ্রেফতার

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী অপহরণ মামলায় জামাই-শাশুড়ি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রী অপহরণ মামলার এজাহারভুক্ত আসমি জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৪৩) ও তার মেয়ে জামাই একই এলাকার কৈগাঁতী গ্রামের মহাবেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৮)।

আজ রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার খাটিয়ামারি গ্রামের এক ব্যক্তির মেয়ে (১৬) চলতি বছর খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।

ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৩) প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি স্কুলছাত্রী। তারপরও স্কুলছাত্রীকে বিরক্ত করতে থাকে শাকিল। ফলে বিষয়টি তার বাবা-মাকে জানায় ভুক্তভোগী স্কুলছাত্রী।

এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে শাকিল। এ অবস্থায় ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ির সামনের রাস্তা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শাকিল ও তার লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ১ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। মামলায় শাকিল ও তার মা-বাবা এবং ভগ্নিপতিসহ ৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186145