বগুড়ায় আফিফ চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় আফিফ চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

অভিযানকালে-কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, বিক্রির জন্য নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস মজুদ রাখা, চিপস তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার, কোনো ধরনের গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রঙ ব্যবহার, কারখানায় কর্মরত খাদ্যকর্মীরা স্বাস্থ্যবিধি মানতে না দেখা যায়।

প্রাথমিক সত্যতা ও অপরাধ স্বীকারের ভিত্তিতে ‘আফিফ চিপস’ এর মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়। এছাড়া অভিযানে আনুমানিক তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ঘটনাস্থলে ধ্বংস এবং ২৩ কেজি নিম্নমানের রঙ জব্দ করা হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন এসআরবি-১২ এবং জেলা পুলিশের একটি টিম। এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186143