টেকনাফে আধিপত্য নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

টেকনাফে আধিপত্য নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার আবদুল গফুরের ছেলে মো. হেলাল, ২৫, এবং সাব্বির আহমেদের ছেলে মো. হারুন, ৩২। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিকদার পাড়া বাজারে শামসু মেম্বার ও তার ভাই তোফায়েলের সমর্থকদের সঙ্গে অন্য একটি পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা গোলাগুলিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন।

গুলিতে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক সাখাওয়াত হোসেন মিঠু জানান, আহতদের শরীরে গুলির আঘাত রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই কক্সবাজারে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186127