বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে 'বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬' গত শনিবার (৩ অক্টোবর, ২০২৬) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের ২২টি জেলা থেকে আসা ৭৩ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ তাঁর বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বাগত জানান এবং নারীদের দাবা খেলায় ধারাবাহিক সমর্থনের জন্য বার্জার পেইন্টসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমান সাবাব, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ এবং এডহক কমিটির সদস্য মোঃ মঞ্জুর আলম।
তিনজন মহিলা আন্তর্জাতিক মাস্টার (WIM), তিনজন মহিলা ফিদে মাস্টার (WFM) এবং ছয়জন মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) সহ দেশের শীর্ষস্থানীয় নারী দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের শীর্ষ ১২ জন খেলোয়াড় ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186108