গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর আগুন লেগে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাঁটিয়াবাড়ি এলাকায় একটি ঘরের ভেতর আগুন লেগে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন (১৮) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর এলাকার মো. বধূ মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার সাঁটিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার সাঁটিয়াবাড়ি এলাকার হুরমত আলী শেখের সঙ্গে তার চাচাতো ভাই ফাইজুদ্দিনদের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমি পাহারা দেওয়ার জন্য হুরমত আলী একটি টিনশেডের ঘর তৈরি করেন।
শনিবার রাতে ওই ঘরে আগুন লাগে।
স্থানীয়দের ধারণা, ওই ঘরে পেট্রোলজাতীয় কোনো পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে দেলোয়ার কীভাবে ওই ঘরে গেলেন, তা এখনো রহস্যজনক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।