তুমব্রু সীমান্ত থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

তুমব্রু সীমান্ত থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসবে।

সেই তথ্যের ভিত্তিতে অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) দিকনির্দেশনায় তুমব্রু বিওপির বিশেষ টহলদল ৩ অক্টোবর রাতে সীমান্ত  থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া নামক স্থানে ওৎ পেতে থাকে।

পরে ৪ অক্টোবর ভোর রাতে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে চোরাকারবারিদের আনাগোনা লক্ষ্য করা হয়।

একপর্যায়ে বিজিবি সদস্য তাদের দিকে অগ্রসর হলে চোরাকারবারিরা মালামাল ফেলে অন্ধকারে পানির মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ দেখতে পায় যার মধ্যে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত চোরাকারবারি কাউকে আটক করা যায়নি। তবে উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186080