২০ বছরে এমন লজ্জার মুখে পড়েননি মদরিচ
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ, শক্তিতেও খুব একটা পিছিয়ে থাকার কথা নয়। কিন্তু মাঠের পারফরম্যান্সে দেখা গেল আকাশ-পাতাল তফাত। ইংলিশ ঝড়ে তছনছ হয়ে নিজের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের তেতো স্বাদ পেল ক্রোয়েশিয়া। রিজেকায় স্বাগতিকদের ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড।
স্বাভাবিকভাবেই নিজেদের ঘরের মাঠে এমন নির্দয়ভাবে বিধ্বস্ত হওয়ার পর ক্রোয়েশিয়ান ফুটবলে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। ফুটবল ইতিহাসের অন্যতম বাজে এই হারের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি দলের অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লুকা মদরিচ। দলের পারফরম্যান্স কতটা তলানিতে গিয়ে ঠেকেছে, ম্যাচ শেষে তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলেন না ৪১ বছর বয়সী এই এসি মিলান মিডফিল্ডার।
আগের ম্যাচে মাঠের বাইরে থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ফিরেছিলেন মদরিচ। তবে ম্যাচ শেষে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘কোন্দল, ভুলভ্রান্তি, আগ্রাসন ও ঐক্যের অভাবের কথা না বলে এমন একটা বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা দেওয়া সত্যিই অসম্ভব। আমি ২০ বছর ধরে জাতীয় দলে খেলছি, কিন্তু প্রথমবার কোনো একটি ম্যাচের পর এতটা লজ্জিত বোধ করছি।
গত এক দশকে বিশ্ব ফুটবলে ক্রোয়েশিয়ার উত্থান ছিল চোখে পড়ার মতো। ২০১৮ সালে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ ফাইনালে খেলা দলটি কাতার বিশ্বকাপে অর্জন করে তৃতীয় স্থান। কিন্তু ইংল্যান্ডের কাছে এই ভারি হার অর্জিত সব সুনাম ক্ষুণ্ন করেছে বলে মনে করেন অধিনায়ক মদরিচ, ‘ইংল্যান্ড এখন আমাদের চেয়ে ভালো দল—এই হার মেনে নেওয়া কঠিন হলেও বাস্তবতা। কিন্তু গত কয়েক বছর ধরে কষ্ট করে আমরা যে সম্মান অর্জন করেছি, এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে হেরে তা নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের ভেতরকার চরম বিশৃঙ্খলা নিয়ে তিনি আরো বলেন, এভাবে আন্তর্জাতিক ফুটবল খেলা যায় না।
মনে হচ্ছিল মাঠে আমাদের চার-পাঁচজন খেলোয়াড়ই অনুপস্থিত! এটি একটি চরম বিপর্যয়কর রাত ছিল। তবে এখনই একে অন্যকে দোষারোপ করা কিংবা বলির পাঁঠা খোঁজা উচিত হবে না, আমাদের অবশ্যই একসূত্রে বাঁধতে হবে। পরবর্তী ম্যাচে স্পেনের কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়াবে ক্রোয়েশিয়া। ৭ গোলের ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়ে অধিনায়ক বলেন, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কারণ সামনে আরও একটি কঠিন পরীক্ষা। নিজেদের আসল সামর্থ্য, গর্ব, আকাক্সক্ষা ও একতার প্রমাণ মাঠেই দিতে হবে। গভীর হতাশা প্রকাশ করে মদরিচ বলেন, আজকে আমরা ফুটবল মাঠের কোনো তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186061