যে বিরল রেকর্ড মনে করালেন ইয়ামাল

যে বিরল রেকর্ড মনে করালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের তৃতীয় পর্বে চেক রিপাবলিককে ৩-১ গোলে হারাল স্পেন। আরেকটি দুর্দান্ত জয়ের পথে আবার শুরুতেই গোল করে নিজের ছাপ রাখেন লামিন ইয়ামাল।

বার্সেলোনা তারকা ছয় মিনিটের মধ্যে ম্যাটাডোরদের হয়ে গোলমুখ খোলেন। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও স্পেনের আগের দুটি ম্যাচে জাল খুঁজে পেয়েছিলেন ইয়ামাল। ফুটবল পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’ এক্স-এ জানিয়েছে, আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে ইয়ামাল টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করলেন।

জেমলিয়ানুখিন কিরগিজস্তানের হয়ে খেলতেন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে এই কীর্তি গড়েন তিনি। ব্রুনাইয়ের বিপক্ষে প্রথম মিনিটে, মায়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে ও ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন জেমলিয়ানুখিন। অন্যদিকে ইয়ামাল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন। তারপর চেক রিপাবলিকের বিপক্ষে গোল পেলেন ষষ্ঠ মিনিটে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186055