মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকের টাকা না দেওয়ায় সৎ মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আশিক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম (৩৫) ধরমপুর গ্রামের মো. বাবুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত আশিক তার ছেলে। পুলিশ জানিয়েছে, আশিক নিয়মিত মাদক সেবন করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদক সেবনের জন্য সৎ মায়ের কাছে টাকা চান আশিক। টাকা দিতে রাজি না হওয়ায় ছুরি দিয়ে আয়েশা বেগমের পেটে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক অভিযুক্ত আশিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186038