বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের "সাকিন খুনমাখা মাটি" মঞ্চস্থ

বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের "সাকিন খুনমাখা মাটি" মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার: বগুড়ায় উৎসবমুখর পরিবেশে ও দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড়ে সফলভাবে মঞ্চস্থ হয়েছে আবৃত্তি প্রযোজনা "সাকিন খুনমাখা মাটি"। আবৃত্তি সংগঠন 'বিহঙ্গ আবৃত্তি পরিষদ, বগুড়া'-র প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্'র কালজয়ী কাব্যগ্রন্থ "মানুষের মানচিত্র" অবলম্বনে নির্মিত এই প্রযোজনার গ্রন্থনা, নির্মাণ ভাবনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সভাপতি ও আবৃত্তি প্রশিক্ষক ফজলে রাব্বী। অনুষ্ঠানের শুরুতেই শিশু বিভাগের শিক্ষার্থীরা মঞ্চে আবৃত্তি পরিবেশন করে। এতে অংশ নেয় অভিমন্যু দাস সার্থক, আফনান হোসেন রিশান, সম্প্রীতি রায় মণ্ডল ও দেবাদৃতা দত্ত শ্রেষ্ঠা। এরপর বড়দের বিভাগে মনমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেন ফারিহা জাহান অপ্তি, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, ফাতেমা কবির দিয়া, যূথী ভট্টাচার্য তুলি, শাহরিয়ার আহনাফ, শফিকুল ইসলাম ও রাকিবুল ইসলাম।

পরবর্তী পর্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফজলে রাব্বী। এতে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, নওগাঁর আবৃত্তি সংগঠন 'প্রাণজ'-এর আবৃত্তিশিল্পী হাসান নয়ন এবং বিহঙ্গ আবৃত্তি পরিষদের উপদেষ্টা আবৃত্তিশিল্পী সৈয়দ তাহ্সীন কবির। শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথি শিল্পী হাসান নয়ন ও সৈয়দ তাহসীন কবির একক আবৃত্তি পরিবেশন করেন।

আবৃত্তি সন্ধ্যার মূল আকর্ষণ ছিল বিরতিহীনভাবে প্রদর্শিত দলীয় আবৃত্তি প্রযোজনা "সাকিন খুনমাখা মাটি"। এতে আবৃত্তি পরিবেশন করেন শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, শাহরিয়ার আহনাফ, যূথী ভট্টাচার্য, ফারিহা জাহান, সুমাইয়া ইয়াসমিন, আয়েশা খাতুন ও নুসরাত নিশি। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মনিরা রহমান ডিনা, জান্নাতুল ফেরদৌস জ্যোতি ও রাকিবুল ইসলাম।

প্রযোজনাটির সবচেয়ে বিশেষ দিক ছিল এর আবহ সৃষ্টি ও মঞ্চসজ্জা। গ্রামবাংলার প্রান্তিক জনজীবনের প্রতীকী চিত্র এবং রক্তমাখা মাটির দৃশ্যায়নের মাধ্যমে কবিতার আবহ ফুটিয়ে তোলা হয়, যা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে। এতে আবহ সংগীতে মোহনীয় সুর তুলেন পরিতোষ ঢুলি ও তাঁর দল। এ ছাড়া আলোকসজ্জা ও মঞ্চসজ্জায় সাঈদ লাইটিং মিডিয়া এবং শব্দযন্ত্র পরিচালনায় ছিল বগুড়া সাউন্ড অ্যান্ড লাইট।

অনুষ্ঠান শেষে সব অতিথি, শিল্পী, কলাকুশলী ও দর্শক-শ্রোতাদের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186030