ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, মুক্তি ৮ অক্টোবর
বিনোদন ডেস্ক : প্রচলিত বাণিজ্যিক ঘরানার বাইরে গিয়ে নির্মিত সিনেমা ‘প্রেশার কুকার’ এবার পা রাখছে ওটিটিতে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ তৈরি করার পর এবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) হইচই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৮ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘প্রেশার কুকার’।
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে নেই কোনো প্রথম সারির নায়ক। বরং গল্পের কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। চার নারীর জীবন ও ঢাকার নগরজীবনের নানা চাপকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।
সিনেমাটি ওটিটিতে মুক্তির ঘোষণা দিয়ে হইচইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”
ওটিটিতে মুক্তির খবর প্রকাশের পর দর্শকদের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ না পাওয়া অনেকেই এবার ঘরে বসে ‘প্রেশার কুকার’ দেখার অপেক্ষায় রয়েছেন।
চার প্রধান অভিনেত্রীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবিসহ আরও অনেকে। অতিথি চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও।
সিনেমাটির ‘বড়াই করে’ গানটিও আলাদা করে দর্শকের নজর কেড়েছে। অঙ্কন কুমারের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।