মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় গোপাল বেপারী রিপন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপাল বেপারী কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের প্রমথ বেপারীর ছেলে। তিনি মুকসুদপুর উপজেলা সদরের রামপ্রসাদ মিষ্টি ভান্ডারে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বাইসাইকেলে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিলেন গোপাল বেপারী। পথে নিশাতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185979