চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩২৬
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭ হাজার ১৩৫ পিস ইয়াবা, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) থেকে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩২৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন।
এছাড়া পরোয়ানামূলে ৭৯ জন ও সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৩৯ জনকে। এর মধ্যে মাদক বহনকারী দুইজন ও মাদক সেবনকারী ৩৯ জন রয়েছেন।
নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে গ্রেফতার করা হয়। এ সময়ে ২০টি মাদক মামলা করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে ৭ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185956