দিনাজপুরের বিরামপুরে রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

দিনাজপুরের বিরামপুরে রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন রোগের রোগী বেড়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত শয্যায় জায়গা সংকুলান হচ্ছে না। ফলে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(৫০ শয্যা হাসপাতালের) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহরিয়ার পারভেজ জানান, দিনে প্রচণ্ড গরম আর রাতে মৃদু ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। এতে সর্দি-কাশি, গলা ব্যাথা, শ্বাসকষ্ট (এ্যাজমা), ডায়রিয়া, পেট ব্যাথাসহ ঋতু পরিবর্তন জনীত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন রোগীরা। নারী, শিশু এবং দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত যেমন-কিডনী, হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যাই বেশি।

তিনি জানান, প্রতিদিন বহির্বিভাগে ৬ থেকে সাড়ে ৬শ’ রোগী এবং জরুরি বিভাগে ১১০ থেকে ১২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন ৬-৭ জন প্রসূতিকে নরমাল ডেলিভারি করানো হচ্ছে। কম আক্রান্ত রোগীদের বহির্বিভাগে ও জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়াও নতুন পুরাতন রোগী মিলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৭০-৮০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই এখানে শয্যা সংকটের সৃষ্টি হয়। তাই অনেক রোগীকে মেঝেতে বা বিকল্প শয্যায় চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, হঠাৎ করে রোগীর বাড়তি চাপের কারণে ওষুধ সীমিত হয়ে আসলেও সংকট নেই। মৌসুমী রোগ এড়াতে তিনি নারী, শিশু ও বয়স্ক ব্যাক্তিদের প্রতি অধিক যত্নশীল হওয়ায় পরামর্শ দিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185923